টুঙ্গিপাড়ায় আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

টুঙ্গিপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আহম্মেদ হোসেন মীর্জা। সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মদ হোসেন মির্জা ও স্বতন্ত্র প্রার্থী  টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস মনোনয়ন পত্র দাখিল করেন। গত ৬ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ফোরকান বিশ্বাসের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন ফিরে পেতে ফোরকান বিশ্বাস কোনও অপিল করেননি।
এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আহম্মদ হোসেন মির্জা মেয়র পদে একক প্রার্থী ছিলেন। অবশেষে তাকেই মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা বলেন, টুঙ্গিপাড়া পৌরসভাকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তুলবো। নাগরিক সেবা বৃদ্ধির পাশাপাশি পানি সরবরাহ নিশ্চিত করব।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন, টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী ছিলেন শেখ আহম্মদ হোসেন মীর্জা। তাই বিধি অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

/জেবি/টিএন/

/আপ: আরএ/