জেদ্দায় বাংলাদেশিদের মাঝে খাদ্য বিতরণ শুরু

১১১করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে লকডাউন থেকে শুরু করে কারফিউ জারি করে সেদেশের সরকার। এ কারণে সৌদিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বেকায়দায় পড়েছেন। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অনেকে খাদ্য সংকটে পড়েছেন। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করার উদ্যোগ নিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।

আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে জেদ্দায় বাংলাদেশিদের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ এবং তার দল বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনি এক বার্তায় বলেন, ‘বর্তমানে জেদ্দায় লকডাউন এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ বলবৎ আছে। এর ভেতরেই সরকারি অনুমতি নিয়ে খাদ্য বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।’

এর আগে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আরোপিত লকডাউনের কারণে কোনও সৌদি প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পড়েন এবং কফিল/স্পন্সর/কোম্পানি থেকে যদি বেতন বা খাবার সরবরাহ করা না হয়, তবে এরূপ প্রবাসীকে দূতাবাসের ইমেইল বা হোয়াটস অ্যাপে তথ্য প্রদানের  জন্য অনুরোধ করা যাচ্ছে।’