ঢাকা আইনজীবী সমিতিকরোনা পরিস্থিতির মধ্যে ১০২ কোটি টাকা অনুদানের আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক হোসেন আলী খান (হাসান) স্বাক্ষরিত পৃথক পত্রে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০০ কোটি টাকা এবং বাংলাদেশ বার কাউন্সিল থেকে দুই কোটি টাকা অনুদানের জন্য আবেদন করা হয়। প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান চেয়ে করা আবেদনে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতি বিশ্বের সর্ববৃহৎ আইনজীবী সমিতি। বর্তমানে এ সমিতির আইনজীবী ২৫ হাজারের বেশি। করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করে জনজীবনে বিপর্যস্ত করে তুলেছে। এর প্রভাবে দেশে আদালতের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ রয়েছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন আইনজীবীরা। এ অবস্থায় আইনজীবীদের কষ্ট লাঘবে জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা অনুদান দেওয়ার আবেদন জানানো হয়।
একইভাবে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর দুই কোটি টাকার অনুদান চেয়ে আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা আইনজীবী সমিতি। সেজন্য আগামী ২০ এপ্রিলের মধ্যে ঢাকা বারের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়।