আইএসপিআর জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার এবং নার্সদের জন্য ৭০০ ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১৪০০ মাস্ক, ৮০০ সেট গ্লাভস, ৪০০ বিশেষ নিরাপত্তা চশমা, ১০টি আইআর থার্মোমিটার, ১০০০ পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়।
নৌবাহিনী করোনাভাইরাস মোকাবিলায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল-ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে।