সুগার করপোরেশনের চিনি বিক্রি শুরু

চিনি

আসন্ন রোজা উপলক্ষে খোলা বাজারে চিনি বিক্রি  শুরু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। সরকার নির্ধারিত দামে বিক্রির লক্ষ্যে বিএসএফআইসির ১৫টি চিনিকল থেকে প্রতিটন ৬০ হাজার টাকা দামে বস্তাজাত চিনি ফ্রি-সেলে (সবাই কিনতে পারবে) বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোজা উপলক্ষে ভোক্তাদের কাছে মানসম্পন্ন দেশীয় চিনি পৌঁছে দিতেই বিএসএফআইসি এ কর্মসূচি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার তালিকাভুক্ত ডিলারদের একই দরে (ওপরে বর্ণিত) চিনি বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে আগোরা, স্বপ্ন, মীনাবাজার, সিএসডি, প্রাণ ইত্যাদি সুপারশপের চাহিদা মোতাবেক এক কেজির প্যাকেটজাত চিনি ৬৫ টাকা দরে সরবরাহ করা হচ্ছে। সেইসঙ্গে ঢাকার দিলকুশায় অবস্থিত চিনি শিল্প ভবনের বেজমেন্টে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে।

এছাড়া, আখ চাষিদের প্রাপ্য চিনি এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ করা হচ্ছে। ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারেন, সেজন্য বিএসএফআইসি বাজারে চিনির দর মনিটর করছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশব্যাপী হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপক বাড়ার পরিপ্রেক্ষিতে বিএসএফআইসি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ২৩ মার্চ থেকে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করছে। বর্তমানে ঢাকার বেশকিছু বড় ফার্মেসি ও মেডিসিন কর্নারসহ দেশের অন্যান্য জেলায় এই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়। হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের ধারাবাহিকতায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড জৈব সার ‘সোনার দানা’ ও কেরুজ ভিনেগার ব্যাপকহারে উৎপাদন ও বাজারজাত করছে। চিনি শিল্প ভবনের বেজমেন্টে চিনির পাশাপাশি এসব পণ্যও পাওয়া যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।