নিরবচ্ছিন্ন ডাকসেবা নিশ্চিতে ঢাকায় নিয়ন্ত্রণ কক্ষ

জিপিওকরোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত ছুটির সময়ে সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বীমা, ডিজিটাল কমার্স এবং করোনা চিকিৎসার উপকরণ দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয়গুলোতে দ্রুত পৌঁছানোসহ নিরবচ্ছিন্ন ডাকসেবা নিশ্চিত করতে ঢাকায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৈশ্বিক দুর্যোগকালে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে স্থাপিত ডাকঘর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ গ্রাহক সেবায় কাজ করছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দুটি নম্বর হলো— ০১৫৫০০৬৩৭০০ ও ০১৫৫০০৬৩৭২২ এবং ওয়েব ঠিকানা www.bdpost.gov.bd

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত ছুটি সময়ে ডাকসেবা অব্যাহত রাখতে গত ২৮ মার্চ জিপিও, জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, টাউন সাব পোস্ট অফিস এবং সীমিত সংখ্যক গ্রামীণ ডাকঘর ও ডিজিটাল ডাকঘরের কার্যক্রম চালু রয়েছে। এসব ডাকঘর থেকে সব কার্যদিবসে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ডাকসেবা সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে ডাক অধিদফতরের মেইল গাড়ি দেশব্যাপী নিয়মিত চলাচল করছে। সরকার ঘোষিত ছুটির মধ্যে গত ২৮ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত পাঁচ লাখ ১৯ জন গ্রাহক ডাকসেবা গ্রহণ করেছেন। এ সময় পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৭৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটিকালে সাতটি সাত টনি গাড়ি, ১১টি ৫ টনি গাড়ি, ৩০টি ৩ টনি গাড়ি, ২০টি দেড় টনি গাড়ি এবং ১৯টি এক টনি কাভার্ড ভ্যান ঢাকার কেন্দ্রীয় ওষুধাগার থেকে কিটস, পিপিই, ওষুধপত্র এবং মেইল ও ক্যাশ পরিবহন করে আসছে।