মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ৭০ জন

 

বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানকরোনাভাইরাসের প্রকোপে লকডাউনে মালদ্বীপে আটকে থাকা ৭০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশটির রাজধানী মালে ও পার্শ্ববর্তী হুলুমালেতে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে তারা দেশে ফেরেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন উড়োজাহাজ সি-১৩০ জে-তে করে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ৭০ জন বাংলাদেশি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন।

এদিকে দুপুরে টার্কিশ এয়ারের ফ্লাইটে তুরস্ক থেকে এসেছেন ২০ জন বাংলাদেশি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গিয়ে আটকে পড়া ১৬৯ বাংলাদেশি নাগরিকও আজ  দেশে এসেছেন।

প্রসঙ্গত, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় মালদ্বীপে আটকা পড়েন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে মালদ্বীপের ৭১ জন নাগরিকসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি চিকিৎসক দল সোমবার বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে (সি-১৩০ জে) মালদ্বীপ যায়। চিকিৎসক দলটি মালদ্বীপে চিকিৎসাসেবা দেবে। ওই উড়োজাহাজটি দেশে ফেরার সময় ৭০ জন বাংলাদেশিকে নিয়ে আসেন।