ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সহায়তায় গণমাধ্যমকর্মীদের জন্য বেশকিছু পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ড র-ন্যাশন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের কাছে এসব পিপিই হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য এসব পিপিই দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও পিপিই সরবরাহ করা হবে বলেও ব্র্যান্ড কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
পিপিই হস্তান্তরের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম, র-ন্যাশন-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনিবার্হী কমিটির সদস্য সায়ীদ আবদুল মালিক, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোশিয়েশনের (ডুরা) প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ডিআরইউ সদস্য শাহেদ শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় র-ন্যাশন-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকির মধ্যে থেকে দায়ত্বপালন করছেন গণমাধ্যমকর্মীরা। আমরা বিষয়টি বিবেচনা করে তাদের জন্য এই পিপিইগুলো হস্তান্তর করেছি। এর আগেও আমরা বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে পিপিই বিতরণ করেছি। পর্যায়ক্রমে আমরা আরও কিছু পিপিই তাদের সরবরাহ করবো।’