করোনা পরিস্থিতিতে সীমিত আকারে আদালত খোলা রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৩০১ জন আইনজীবী। রবিবার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের ৩০১ জন আইনজীবীর সমন্বয়ে গঠিত সাধারণ আইনজীবাদের অধিকার সংরক্ষণ পরিষদের প্রধান সমন্বয়কারী আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু ইমেইলে স্মারক লিপি পাঠান।
স্মারকলিপিতে বলা হয়েছে, করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দেড়শ’র বেশি। এ অবস্থায় শুধু মানুষের জীবন বাঁচানোর সঙ্গে সম্পৃক্ত হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই করোনার মধ্যে আদালত খোলা থাকলে আদালত সংশ্লিষ্ট আইনজীবী, বিচারপ্রার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আদালত সংশ্লিষ্ট সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী, আইনজীবী সহকারী, মক্কেল, নিরাপত্তা কর্মীদের জীবন বাঁচাতে বার কাউন্সিল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ ও আলোচনা করে সবার মতামত নিয়ে কোর্ট বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গত, এর আগে ২৩ এপ্রিল করোনা সংক্রমণ ঠেকাতে সুপ্রিম কোর্টসহ সব আদালত ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগে একটি বেঞ্চ খোলা রেখে জরুরি বিষয়গুলো নিষ্পত্তির সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
তবে ২৫ এপ্রিল অপারেট বিজ্ঞপ্তিতে সীমিত আকারে কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্ট প্রশাসন।