হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দিলো ভারত

111বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দিয়েছে ভারত। রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে সমন্বিত জরুরি চিকিৎসা সরবরাহের দ্বিতীয় চালানটি  হস্তান্তর করেন ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলি দাশ।

ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা সামগ্রীগুলো বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর ডিপোতে পাঠানো হয়েছে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহায়তায় ওষুধ ও গ্লাভস ভারত থেকে ঢাকায় আনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল’ গঠন করা হয়। এই তহবিলের অধীনে সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান হিসেবে গত ২৫ মার্চ ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেনের কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড-১৯ প্রতিরোধ কর্মসূচির পরিচালনা কৌশল, দক্ষতা বৃদ্ধি,  অনুশীলন বিনিময় এবং এ নিয়ে সার্ক দেশগুলোর স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য স্বল্প মেয়াদে ই-আইটিইসি প্রশিক্ষণ মডিউল ডিজাইন করেছেন। গত ১৭ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রায়পুর) একটি অনলাইন কোর্সটি পরিচালনা করে। এতে বাংলাদেশের ৯০ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন।

ভারত সরকারের আইটিইসি উদ্যোগের আওতায় আগামী ২৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত  চন্ডীগড়ে পোস্ট গ্র্যাজয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে দ্বিতীয় অনলাইন কোর্সের আয়োজন করা হয়েছে।