কদমতলীতে শিশুর রহস্যজনক মৃত্যু

লাশরাজধানীর কদমতলীর জনতাবাগ এলাকায় বৃহস্পতিবার (৩০ এপিল) সন্ধ্যায় একটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রাব্বী (১২)। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু রাব্বী কদমতলী জনতাবাগ চৌরাস্তায় তার মামার কাছে থাকতো। সেখানে  মামার চায়ের দোকানে কাজ করতো সে। বিকালে চায়ের দোকানে রাব্বীর মামা তাকে চড়-থাপ্পড় মারে। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে রাব্বীর মামা পলাতক রয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে।

ওসি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল  কারণ জানা যাবে।

এদিকে, নিহত রাব্বীর বাবা লিটন মিয়া জানান, তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। রাব্বী তার মামা সিরাজের কাছে থাকতো এবং তার চায়ের দোকানে কাজ করতো। বিকালে রাব্বীর আরেক মামা মতিন ফোন দিয়ে তাকে (লিটন মিয়াকে) জানায় যে, রাব্বী ফাঁসি দিয়েছে। এই খবর পেয়ে তিনি ঢাকায় আসেন। রাব্বীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।