হাইকোর্টে রিট করে বুধবার (১৬ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পেয়েছেন মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক। রিটার্নিং অফিসার গাজী মো.আসাদুজ্জামান কবির এবং কাউন্সিলর প্রার্থী স্বয়ং বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রাজ্জাক জানান,পৌরসভার হাটের ইজারাদারের সঙ্গে তার নামের মিল থাকায় ভুল বোঝাবুঝিতে মনোনয়নপত্র বাতিল হয়। এরপরেই ১৩ ডিসেম্বর তিনি হাইকোর্টে মনোনয়নপত্র বৈধতার দাবিতে রিট করেন। ১৪ ডিসেম্বর বিচারপতি মইনুল ইসলাম ও মো. আশরাফুল কামালের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ করার আদেশ দেন। পরে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে ঢেঁড়শ প্রতীক বরাদ্দ করেন।
কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। হাইকোর্টের আদেশ অনুযায়ী আব্দুর রাজ্জাককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান কবির।
/এইচকে/এসএম/