ভার্চুয়াল কোর্ট স্থাপনে হাইকোর্টে রুলস সংশোধন কমিটি গঠন

হাইকোর্টভার্চুয়াল কোর্ট পদ্ধতি হাইকোর্ট রুলসে অন্তর্ভুক্ত করতে প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট রুলস সংশোধন কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের ওই কমিটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুবকে সভাপতি করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্যদের মধ্যে আছেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান।
শনিবার (৯ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাইকোর্ট রুলস সংশোধন করতে প্রধান বিচারপতি ৫ সদস্যের কমিটি করে দিয়েছেন। এই কমিটি ইতিমধ্যে দুটি বৈঠক করেছেন। ভার্চুয়াল কোর্ট সিস্টেম হাইকোর্ট রুলসে অন্তর্ভুক্ত করতে এই কমিটি কাজ করে যাচ্ছে।’
এখন আইন অনুসারে উক্ত কমিটি একটি রুলস তৈরি করবেন। পরে সংশোধিত রুলসটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এরপর ভার্চুয়াল কোর্ট সিস্টেম নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হলেই হাইকোর্টে নতুন এই পদ্ধতিতে বিচর কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, এর আগে গত ৬ মে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।