করোনায় রাইডারদের নিরাপত্তায় ফুডপান্ডার বিমা

ফুডপান্ডাকরোনা (কোভিড-১৯) সংকটে রাইডারদের আর্থিকভাবে সুরক্ষিত রাখতে বিমার ব্যবস্থা করেছে অনলাইনভিত্তিক খাবার অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী, এই বিমার আওতায় থাকা কোনও রাইডার যদি এক বছরের মধ্যে স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাজনিত কারণে মারা যান, স্থায়ী বা আংশীক পঙ্গুত্ব বরণ করেন বা দুর্ঘটনার শিকার হন এবং হাসপাতালে চিকিৎসা নেন, তবে এই বিমা থেকে পাঁচ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা পাবেন তিনি। মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

এ ধরনের একটি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ফুডপান্ডার বাংলাদেশ এর সিইও আম্বারিন রেজা বলেন, ‘আমাদের রাইডাররা গ্রাহকদের দোরগোড়ায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পৌঁছে দিচ্ছেন। সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন তারা। শুধু স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতকরণই নয়, তাদের বিমার আওতায় এনে পরিবার ও জীবনের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। রাইডারদের ব্যক্তিগত সুরক্ষাসরঞ্জাম প্রদানের পাশাপাশি বিমার এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে তাদের সামগ্রিক মঙ্গলের জন্য।'

তিনি আরও বলেন, 'করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের কারণে অনেকেই বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলেও এমন অনেকে আছেন, যারা সামনে থেকে এই সময়ে মানুষের স্বার্থে মাঠ পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছেন। সব প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মী ও রাইডাররা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তারাই আমাদের প্রথম সারির হিরো।'