প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি: ছাত্রলীগের বহিষ্কৃত নেতা তরিকুল ফের রিমান্ডে

রিমান্ড

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বহিষ্কৃত সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক  শামীম উর রশীদ আসামি তরিকুলকে আদালতে হাজির করে ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৮ মে তরিকুল ইসলাম মুমিনসহ তিন জনকে চার দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। রিমান্ড চলাকালীন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ ও বিনিয়োগ বোর্ডের কর্মচারী নাজিমউদ্দিন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমাও গ্রেফতারের পর দোষ স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

গত ৫ মে জালিয়াতির অভিযোগে আসামিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।