করোনাকালে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

আইন নোটিশ

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা ৩৪ লাখেরও বেশি শিশুর টিকা কার্যক্রম চালু এবং করোনাভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত রাখতে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা) এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সরকারি ইমেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৩ মে) আইনজীবী ইশরাত হাসানের পক্ষে মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম এ নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, সময় মতো টিকা না দিলে  শিশুরা ভবিষ্যতে শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে বেড়ে উঠবে। এছাড়া, অনেক রোগ ভীষণভাবে সংক্রমিত হতে থাকবে। ফলে বাসায় থেকেও অন্য শিশুরা সংক্রমিত হবে। ইতোমধ্যেই পার্বত্য চট্টগ্রামে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া, ৩০০টি শিশুর মধ্যে সংক্রমিত হয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে। শিশুরা দেশের ভবিষ্যৎ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব এখন রাষ্ট্রের।

আইনি নোটিশে আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম করোনা পরিস্থিতিতে শিশুদের অভিভাবকদের ফোন কল সাপেক্ষে স্বাস্থ্যকর্মীদের বাসায় বাসায় পাঠিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে টিকা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।