ডা. জাফরুল্লাহ’র ফের করোনা টেস্ট সোমবার

গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। এখন তার শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সোমবার (৮ জুন) আবারও তার করোনা পরীক্ষা করা হবে।

রবিবার (৭ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্যারের অবস্থা আগের মতোই আছে। কোনও পরিবর্তন হয়নি। আজও  শ্বাসকষ্ট থাকায় তার অক্সিজেন লেগেছে। সোমবার তার করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন হবে। তাই তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি এখনও আছে কিনা জানতে টেস্ট করা হবে।’

এর আগে শনিবার (৬ জুন) রাতে গণস্বাস্থ্যের ভেরিফায়েড ফেসবুক পেজে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ জানান, ‘ডা. জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।’

মনজুর কাদির আহমেদ ফেসবুকে লিখেছেন জানান, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও উনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। উনাকে গতকাল (শুক্রবার) রাতে ডায়ালাইসিস এবং প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। শনিবার আবারও ডায়ালাইসিস দেওয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে। আগের সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতি সাপেক্ষে ওনার চিকিৎসক প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ডা. জাফরুল্লাহ’র স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা পজিটিভ শনাক্ত হয়েনছেন। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।