ঢাকাজুড়ে লকডাউন ঘোষণা চেয়ে রিট







ঢাকা (ছবি: সাজ্জাদ হোসেন)করোনা সংক্রমণ থেকে বাঁচতে পুরো ঢাকায় লকডাউন ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে করোনা চিকিৎসার সুবিধার জন্য পর্যাপ্ত হাইফ্লো নাসাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) আইনজীবী মো. মাহবুবুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রী পরিষদ সচিব, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব (হাসপাতাল ও প্রশাসন), পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশন মেয়রকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বিবাদীদের ওপর নির্দেশনা চাওয়া হয়েছে পুরো ঢাকাকে দ্রুত লকডাউন ঘোষণার জন্য। রিটে বলা হয়েছে- পুরো ঢাকা শহর লকডাউনের পর ওই সময়ে সিটি করপোরেশনের মেয়ররা কমিশনারদের মাধ্যমে প্রত্যেক এলাকায় প্রয়োজনে গরিবদের খাদ্য ও ওষুধ সরবরাহ করবেন। এ কাজে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে। স্বাস্থ্য কর্মীদের উন্নত চিকিৎসার জন্য করোনাকালে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।  
রিটে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছে এবং ইতোমধ্যে এক হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। গত ১৮ এপ্রিল সরকার প্রফেসর মো. শহিদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্য বিশেষজ্ঞ নিয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ওই কমিটি সর্বশেষ গত ৮ জুন এক সভায় সর্বসম্মতভাবে করোনায় মৃত্যু কমানোর জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সুপারিশ করেন। তাই ওই রিট আবেদনে পরামর্শক কমিটির সিদ্ধান্ত ও সুপারিশ সমূহের বাস্তবায়নের নির্দেশনা চওয়া হয়েছে।