লোকমান ভূঁইয়ার জামিন বাতিলের আবেদন করবে দুদক

লোকমান হোসেন ভূঁইয়া (ফাইল ছবি)মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে দেওয়া নিম্ন আদালতের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লোকমানের বিরুদ্ধে এ মামলা করে দুদক। বৃহস্পতিবার (১১ জুন) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আইনজীবী বলেন, ‘গত ১৮ মার্চ এ মামলায় ঢাকা মহানগর বিশেষ জজ আদালত লোকমান হোসেন ভূঁইয়াকে জামিন দেন। সে আদেশের বিরুদ্ধে আগামী ১৪ জুন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে দুদকের পক্ষ থেকে আবেদন করা হবে।’

এর আগে, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব) রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করে। শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর মোহামেডান ক্লাবেও অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানীর মনিপুরীপাড়া থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রথমে মাদকের মামলা হয়। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২৭ অক্টোবর ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ মামলা করেন দুদকের উপ-পরিচালক সাইফুল ইসলাম। লোকমানের বিরুদ্ধে অবৈধভাবে ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তবে বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন: 

লোকমান ভূঁইয়া ও সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা 

লোকমান হোসেন ভূঁইয়া তৃতীয় দফা রিমান্ডে

ক্যাসিনো থেকে প্রতিদিন ৭০ হাজার টাকা নিতেন লোকমান