চট্টগ্রামের ১২ হাসপাতালে করোনা রোগী ভর্তি নিতে হাইকোর্টের নির্দেশ

 

সুপ্রিম কোর্টকরোনা আক্রান্ত রোগীর ভর্তি ও তাদের নিরবচ্ছিন্ন সেবা দিতে চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চট্টগ্রামের সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিক ও মেডিক্যাল কলেজগুলোতে কত রোগী রয়েছে এবং তাদের কী কী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তা প্রতিবেদন আকারে আগামী ২২ জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের সিভিল সার্জনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (১৫ জুন) বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

বেসরকারি ১২টি হাসপাতাল হচ্ছে— চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতাল, জিইসির মেডিক্যাল সেন্টার, খুলশীর ইম্পেরিয়াল হাসপাতাল, কাতালগঞ্জের সার্জিস্কোপ হাসপাতাল, পাঁচলাইশের ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, নিজাম রোডের সিএসসিআর হাসপাতাল, মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতাল, নিজাম রোডের এশিয়ান হাসপাতাল, ওয়েল হাসপাতাল, মট্রোপলিটন হাসপাতাল ও মেহেদীবাগের ম্যাক্স হাসপাতাল।

এর আগে করোনাভাইরাস আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের দ্রুত, কার্যকর ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ মোতাবেক, চট্টগ্রামের আইসিইউ শয্যা ও ভেন্টিলেশন সুবিধা সংবলিত সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি এবং সুচিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবী মো. সাইফুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম রিটটি দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি ও চিকিৎসা প্রদান করতে নির্দেশ দিলেন আদালত।