করোনায় হাসপাতাল তৈরিতে কারিগরি সহায়তা দেবে আইইবি

unnamedকরোনা মহামারি মোকাবিলায় সরকারি অথবা বেসরকারিভাবে কেউ নতুন কোনও অস্থায়ী হাসপাতাল তৈরি করতে চাইলে সকল প্রকার কারিগরি সহায়তা দিবে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। অস্থায়ী হাসপাতালের জন্য আইইবি সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে আইইবি এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স, অস্ট্রেলিয়া (আইসিইএ) যৌথ টেলিকনফারেন্স ওয়েবেনিয়ারে করোনা পরবর্তী পুনরুদ্ধার শীর্ষক আলোচনায় এই আশ্বাস দেয় সংগঠনটি। আইইবি’র জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসাইন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রথম দিকে পৃথিবী অনেকটা স্থবির হয়ে পড়েছিল। প্রযুক্তির সহায়তায় বিশ্ব এখন স্থবিরতা কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হবে।

বক্তারা আরও বলেন, এই মহামারি পৃথিবী থেকে পুরোপুরি বিদায় নিলে মানুষের জীবন যাত্রায় অনেক পরিবর্তন আসবে। তখন কিভাবে দ্রুত অর্থনীতির চাকা সচল করা যায় সেই পরিকল্পনা এখন থেকেই করতে হবে। করোনাভাইরাস পরবর্তী সময়ে যেনও বাংলাদেশের অর্থনীতিও খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যায় সেই লক্ষ্যে যৌথভাবে কাজ করবে আইইবি এবং আইসিইএ।

অনুষ্ঠানে আইসিইএ-এর সভাপতি প্রকৌশলী নুসরাত ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিইএ-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী খন্দকার সালেক সুফি, সাধারণ সম্পাদক প্রকৌশলী মেহেদী হাসান, সহ-সভাপতি ড. নরোত্তম দাস এবং আইইবি’র কম্পিউটার ডিভিশনের সেক্রেটারি প্রকৌশলী রনক আহসান।