শনিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের বটতলায় এবং ৭নং ওয়ার্ডের ভরপাশা এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন, যুবদল কর্মী নাছির হাওলাদার, আনোয়ার হাওলাদার, জাকির হোসেন, ছাত্রদল কর্মী নাছির উদ্দিন ও মিজানুর রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, দুপুর একটার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের বটতলায় পৌর ছাত্রদল সভাপতি মজিবর রহমান মোল্লার নেতৃত্বে এবং ৭নং ওয়ার্ডের ভরপাশা কাজী বাড়ির সামনে ছাত্রদল নেতা মিজান মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার ভাই শ্রমিক লীগ নেতা কালাম ডাকুয়া ও আওয়ামী লীগ নেতা নিয়াজ মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে যুবদল ও ছাত্রদলের পাঁচ কর্মীকে পিটিয়ে আহত করে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া হামলার অভিযোগ অস্বীকার করে জানান, ছোট এলাকায় রাজনৈতিক প্রচারণার সময় কিছু উত্তেজনা সৃষ্টি হলেও কোন হামলার ঘটনা ঘটেনি।
বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই লুতফর রহমান জানান, এ ব্যপারে কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।
/আরএ/