বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগে তরুণ গ্রেফতার

শাকিল মাহমুদমেরামত করতে দেওয়া কম্পিউটার থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগে শাকিল মাহমুদ (২১) নামের এক তরুণকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম জানান, দেশের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পায় সিআইডির সাইবার পুলিশ। ওই অভিযোগের অনুসন্ধানে সাইবার পুলিশ জানতে পারে শিক্ষার্থীর হবু বর উচ্চশিক্ষার উদ্দেশে বিদেশ যান। সেখানে থাকাকালীন তাদের ভেতর বেশ কিছু গোপন ছবি আদান-প্রদান হয়। বিদেশে এক দুর্ঘটনায় তার হবু স্বামী নিহত হন।
তার বেশ কিছুদিন পর থেকেই ভিকটিমকে একটি বিদেশি নাম্বার থেকে বার বার ফোন দিয়ে হ্যাকার পরিচয় দিয়ে বলা হয় তার ও তার হবু স্বামীর বেশ কিছু গোপনীয় ছবি ও ভিডিও হ্যাকারের হাতে এসেছে। ওই ছবিগুলো অনলাইন থেকে মুছে দিতে হলে তাকে ডলার পাঠাতে হবে। ডলার না পাঠালে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভিকটিমকে সেসব ছবির কিছু স্যাম্পলও পাঠানো হয়।
সাইবার পুলিশ তদন্তে জানতে পারে, ভিকটিমের হবু স্বামীর মৃত্যু হলে সেই দেশের পুলিশ তদন্ত শেষ করে নিহতের ব্যবহৃত ডিভাইস এবং ল্যাপটপ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু ল্যাপটপটি লক থাকায় সেটি ব্যবহার করতে পারছিলেন না পরিবারের লোকজন। ল্যাপটপ আনলক করতেই একটি দোকানের দ্বারস্থ হন তারা। তবে ভিকটিমের ধারণা ছিল না এখান থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ বিদেশি নাম্বার থেকে তাকে ফোন দেওয়া হচ্ছিল।
সাইবার পুলিশের একটি বিশেষ টিম ওই নাম্বারের সূত্র ধরে এই অপরাধের সঙ্গে জড়িত গাজীপুরের কালিয়াকৈরের নুরুল ইসলামের ছেলে শাকিল মাহমুদকে (২১) গাজীপুর সদর থেকে শনিবার দুপুরে গ্রেফতার করে। তার কাছ থেকে ব্লাকমেইলিংয়ের সঙ্গে যুক্ত সকল তথ্য-প্রমান উদ্ধার করা হয়েছে। যে দোকানে ওই ডিভাইস ঠিক করতে দেওয়া হয়েছিল শাকিল সে দোকানের ম্যানেজার ও দক্ষ টেকনিশিয়ান। তার বিরুদ্ধে ডিএমপির নিউমার্কেট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।