প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ ছয় জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জুলাই) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক লি.) মতিঝিল শাখা থেকে সুদসহ ৬২ কোটি ৯৬ লাখ,৭৫ হাজার ৬১৯.৬৭ টাকা আত্মসাৎ করেছেন।
মামলায় আসামি করা হলেন— পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, পদ্মা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (চাকরি হতে বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (চাকরি হতে বরখাস্ত), বগুড়ার আল- ফারুক ব্যাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রেদওয়ানুল কাবির চৌধুরী, আল ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক এবং বগুড়ার আল ফারুক ব্যাগস লিমিটেডের পরিচালক নিম্মি কবির চৌধরী।
দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের হবে বলে জানিয়েছে দুদক।