হাইকোর্টে আরও একটি ভার্চুয়াল বেঞ্চ গঠন

ভার্চুয়াল আদালত

করোনা পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে মামলা শুনানির জন্য  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরও একটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (২১ জুলাই) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি ভবানী প্রসাদ সিংহের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের আওতাধীন বিষয় ব্যতীত অতীব জরুরি সব ধরনের ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র ও জামিন সংক্রান্ত আবেদনপত্রের শুনানি গ্রহণ করবেন।

এর আগে গত ৯ মে ‘আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এর গেজেট প্রকাশ করে সরকার। এর ফলে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদানকালে বাদী-বিবাদী পক্ষের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে আদালতকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা প্রদান করা হয়।

পরে ভার্চুয়াল পদ্ধতিতে হাইকোর্টের বিচারকার্য পরিচালনার প্রয়োজন অনুসারে বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।