ডেসটিনির এমডির দুই মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

হাইকোর্টমানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতকে মামলা দুটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আসামির জামিন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে দু’টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। পরে গত ২১ জুলাই রফিকুল আমীনের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।