যুদ্ধাপরাধীরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছিল: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকবঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যার মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধীরা এ দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে ধ্বংস করতে  চেয়েছিল বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শ ও চেতনাকে এবং  বাঙালির আত্মাকে হত্যা করতে  চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। সেই যুদ্ধাপরাধীরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছিল।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনলাইনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তাকে হত্যা করতেই ২১ আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। ১৫ আগস্ট এবং ২১ আগস্টে গ্রেনেড হামলা একইসূত্রে গাঁথা। যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চেয়েছে, যারা পাকিস্তানের লেজুড়বৃত্তি করে, যারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি, আর্দশ ও ঐতিহ্যকে বিলুপ্ত করতে চায়, তারাই ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছিল।’

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। আপনারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করুন।  তাহলেই বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়িত হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। শোক দিবস পালন অর্থপূর্ণ হবে। ’

সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আবদুল মুঈদ, বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলাম, বার্কের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাজিরুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর প্রমুখ বক্তৃতা করেন।