2রাজধানীর চকবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো মো. হানিফ হোসেন (৩১), মো. জামাল বেপারী (৩০)। শনিবার(২২ আগস্ট) সন্ধ্যায় র্যাব ১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ২১ আগস্ট রাত সাড়ে ১১টায় আমরা জানতে পারি চকবাজার এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’ এর কয়েকজন সক্রিয় সদস্য উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণ করছে। এই তথ্যের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’-এর লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। তারা সংগঠনের অপর সদস্য মিনহাজের মাধ্যমে এই কাজে উদ্বুদ্ধ হয়েছে। মিনহাজ উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে ২০১৯ সালের ডিসেম্বরে গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে আটক আছে। আটক দুজনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।