ব‌হিষ্কৃত যুবলীগ নেতা আরমানের জামিন প্রশ্নে রুল জারি

ব‌হিষ্কৃত যুবলীগ নেতা এনামুল হক আরমান, ছবি: সংগৃহীতমাদকের মামলায় যুবলীগ ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের ব‌হিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে রুল শুনানির দিন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির থাকারও নির্দেশ দিয়েছেন আদালত।

আরমানের জামিন আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৩ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী।

এর আগে ২০১৯ সালের ৫ অক্টোবর দিনগত গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের রাজধানীতে আনার পর অভিযান চালি‌য়ে অস্ত্র ও মাদক উদ্ধার ক‌রে র‌্যাব। এরপর রমনা মডেল থানায় র‌্যাব-১ মামলা করে।

ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এদিকে জামিন চেয়ে বিচারিক আদালতে আবেদন জানিয়েছিলেন আরমান। তবে সেখানে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন জানান।