বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার ধানমন্ডির বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় একঘণ্টা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মবিন খানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
এর আগে রাজধানীর গুলশানে বেসরকারি সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানের পরদিনই গত ২০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন প্রাইভেট মেডিখ্যাল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা।