কোভিড সচেতনতায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

স্বাস্থ্যবিধি না মানায় রোজার মধ্যেও বগুড়া নিউ মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। (ফাইল ছবি)দেশের অর্ধেকেরও বেশি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী কোভিড-১৯ থেকে নিজেকে রক্ষায় যথেষ্ট জ্ঞান রাখেন এবং এক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা কিছুটা এগিয়ে আছে। সোমবার ( ৭ সেপ্টেম্বর) জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এক ওয়েবিনারে গণমাধ্যমকর্মীদের এ সমীক্ষার ফলাফল জানানো হয়।
ওয়েবিনারে জানানো হয়, দেশের আট বিভাগে ১০ থেকে ২৪ বছর বয়সী ৬৭৫ জন কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর উপর পরিচালিত সমীক্ষায় দেখা গিয়েছে যে, কোভিড-১৯ সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে তারা তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আর সেগুলো হচ্ছে সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং হাঁচি ও কাশি দেওয়ার সময় নাক-মুখ ঢেকে রাখা।
ইউএসএআাইডি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বাস্তবায়নাধীন ‘মিটিং দ্যা আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্প’ গত মে মাসে ‘বাংলাদেশে কোভিড-১৯ এর প্রেক্ষিতে তরুণদের পুষ্টি সচেতনতা, আচরণ এবং খাদ্য নিরাপত্তা’ বিষয়ে এই র‌্যাপিড সমীক্ষা পরিচালনা করে।
সমীক্ষায় অংশ নেওয়া কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ৬৫ দশমিক দুই শতাংশ জানিয়েছে যে স্বাস্থ্য ঠিক রাখতে তারা ঘরে কিংবা ঘরের বাইরে শরীরচর্চা করেছে যার মধ্যে রয়েছে দৌড়, স্ট্রেচিং ও যোগব্যায়াম। উত্তরদাতাদের ৪৫ শতাংশ নির্ধারিত ৭ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত ঘুমিয়েছে এবং ৫৫ শতাংশ ঘুমিয়েছে ৭ ঘণ্টার কম যা নির্ধারিত মাত্রার চেয়ে কম।
ওয়েবিনারে সমাপনী বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের সহযোগী পরিচালক (গবেষণা) ফিরোজ আল মাহমুদ ও মিটিং দ্যা আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্পের সিনিয়র নিউট্রেশন অ্যাডভাইজার ললিতা ভট্টাচার্য।
সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও কৃষি সাংবাদিকতা ফোরামের সভাপতি আশরাফ আলী।