দুই সম্পাদকসহ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আদালত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ  ও প্রচারের অভিযোগে দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক যায় যায় দিন  পত্রিকার দুই সম্পাদকসহ তিন জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মামলার আসামিরা হলেন— দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, যায় যায় দিন পত্রিকার সম্পাদক কাজী রুকন উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এরপর পিবিআইকে আগামী ২০ অক্টোবরের মধ্যে  তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ’

মামলার অভিযোগ থেকে জানা যায়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান ২০১৬ সালের ৩০ মে দৈনিক যায় যায় দিন পত্রিকায় ‘স্মৃতিময় জিয়া’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। পরবর্তীতে ২০১৮ সালের ২৬ মার্চ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘জ্যোতিময় জিয়া’ শিরোনামে আরেকটি নিবন্ধ লেখেন। প্রকাশিত ওই দুই নিবন্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তথ্য বিকৃতি করে  মিথ্যা,বানোয়াট ও অবমাননাকর বক্তব্য লেখেন।  যা  অপর আসামি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও দৈনিক যায় যায় দিন পত্রিকার সম্পাদক  কাজী রুকন উদ্দিন আহমেদ যাচাই-বাছাই না করে প্রকাশ ও প্রচার করেন।

এজাহার থেকে আরও জানা যায়, আসামিদের এরূপ   লেখা প্রকাশ ও প্রচার  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ, ইতিহাস বিকৃতি, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে বাদী মনে করেন।