কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়

কোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক আলী আকবর বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি  মোস্তাফিজুর রহমান অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অর্থ দিয়ে এক কোটি ৭২ হাজার ৩৭১ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। মোস্তাফিজুর রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৭৫  হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদ গোপন করেন।

প্রণব কুমার বলেন, ‘জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করায় মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ ( ২ ) ও ২৭ ( ১ ) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ ( ২ ) ও ৪ ( ৩ ) ধারায় মামলাটি দায়ের করা হয়।