তালুকদার ফিলিং স্টেশন চালুর উদ্যোগকে স্বাগত পার্লামেন্ট মেম্বারস ক্লাবের

 

99সংসদ ভবন এলাকায় আসাদগেট সংলগ্ন  তালুকদার ফিলিং স্টেশন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে পার্লামেন্ট মেম্বারস ক্লাব। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় দীর্ঘদিন বন্ধ থাকায় পেট্রোল পাম্পটি নতুন করে চালু হওয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পেট্রোল পাম্প চালুর বিষয়টিতে মেম্বারস ক্লাবের সবাই একমত পোষণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  পেট্রোল পাম্পটি মেম্বারস ক্লাবের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে বলে সভায় উল্লেখ করা হয়। এতে আশপাশের এলাকাসহ সবাই উপকৃত হবেন বলে সভায় মতামত ব্যক্ত করা হয়।

কেপিআইভুক্ত (কী পয়েন্ট ইনস্টেলেশন) স্থাপনার নিরাপত্তার কথা বিবেচনা করে নবম জাতীয় সংসদের সংসদ কমিটি  তালুকদার ফিলিং স্টেশন বন্ধ করার সুপারিশ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে সরকার ওই ফিলিং স্টেশনটি বন্ধের উদ্যোগ নেয়। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়িয়েছি। সর্বশেষ ২০১০ সালের ২৪ জুলাই গণপূর্ত অধিদফতর ফিলিং স্টেশন বন্ধ করে দেয়। বর্তমান একাদশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব এই ফিলিং স্টেশনটির প্রফিট শেয়ারিংয়ের  মাধ্যমে নতুন করে চালু চিন্তা করে। এর সূত্র ধরে সংসদ কমিটি গত বছর ৪ অক্টোবর এ ফিলিং স্টেশন চালুর সুপারিশ করে। ওই বৈঠকের পর সাবেক চিফ হুইপ ও সংসদ কমিটির সদস্য আ স ম ফিরোজ বলেছিলেন, তারা ওই ফিলিং স্টেশনটি চালু করার ব্যবস্থা নিতে বলেছেন। এখান থেকে যে আয় হবে তা পার্লামেন্ট মেম্বারস ক্লাব ও সরকার পাবে। আ স ম ফিরোজ বর্তমানে পার্লামেন্ট মেম্বারস ক্লাবেরও সদস্য।

বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সভাপতিত্ব করে। এতে কমিটির সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী, ইকবালুর রহিম, এ বি তাজুল ইসলাম, শামসুল হক চৌধুরী, এনামুল হক, আ.স.ম ফিরোজ, কাজী ফিরোজ রশীদ, মনজুর কাদের কোরাইশী, নাহিম রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন রতন, এ এম নাইমুর রহমান, নাসিমুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম শিমুল, রাজী মোহাম্মদ ফখরুল, নূর মোহাম্মদ, অপারাজিতা হক, নাহিদ ইজাহার খান, আদিবা আনজুম মিতা ও খাদিজাতুল আনোয়ারা অংশগ্রহণ করেন।