নির্বাচন কমিশনের উপ-সচিব সাজাহান খান বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার সকালে গভার্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস) থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো শুরু হয়েছে। শনিবারও বিতরণ অব্যাহত থাকবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিজি প্রেস থেকে ব্যালট পেপার নেওয়ার পর সেগুলো সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং অফিসারের হেফাজতে রাখা হবে। সেখান থেকে ভোটের আগের দিন (২৯ ডিসেম্বর) প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তার সঙ্গে এই সামগ্রী ভোট কেন্দ্রে নিয়ে যাবেন।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোট হবে। এতে ১২ হাজারের বেশি প্রার্থী এবং ৭০ লাখের বেশি ভোটার রয়েছে। তিনটি পদের জন্য ভোটারের তিনগুণ ব্যালট পেপার ছেপেছে ইসি। যার পরিমাণ ২ কোটি ১০ লাখেরও বেশি।
এদিকে, কুষ্টিয়া সদর, বগুড়ার সারিয়াকান্দি, ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় আদালতের আদেশে মেয়র পদে প্রার্থিতা ফিরে পাওয়ায় তিন পৌরসভার ১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পেপার পুড়িয়ে নষ্ট করা হয়েছে। ওই তিন পৌরসভায় নতুন করে ব্যালট পেপারও ছাপাতে হয়েছে। তবে, সাধারণ ও সংরক্ষিত পদের ব্যালট পেপার অপরিবর্তি রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাজী রকিবউদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় এবার মেয়র পদের দেড় লক্ষাধিক ব্যালট পেপার পুড়িয়ে নষ্ট করতে হয়েছে।
/ইএইচএস/এমএনএইচ/