খাগড়াছড়িতে আ. লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. রফিকুল আলম। শুক্রবার সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রফিকুর আলম বলেন, `স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। খাগড়াছড়ি জেলা পরিষদের জন্য বরাদ্ধ করা অর্থ এবং গাড়ি ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ শানে আলমের নির্বাচনি কাজে। এছাড়া গত বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন আমার সমর্থকদের হামলা করে ৬ জনকে আহত করেছে।'
রফিকুল আলম আরও বলেন, `জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া ক্রমাগত আমার বিরূদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি এসবের নিন্দা জানাই।'
এ সময় রফিকুল সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন এবং অভিযোগগুলো তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।বিভিন্ন ওয়ার্ডের সুশীল সমাজের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

/এআর/এসএম/