ধর্মঘটের কারণে শুক্রবার রাত ৮টার পর থেকে সব নদীতে নৌযান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিক নেতারা বলেছেন, অপহৃত দুজন শ্রমিক উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাত ১১টায় ‘এমভি নিউজিও ভাগ্যকূল’ নামের মাল বোঝাই একটি কার্গো জাহাজ মেঘনা নদীর লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায় জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা মাস্টার জসিম উদ্দিন, সুকানি কামরুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ নৌ যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিক নেতাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ অনির্দিষ্টকাল তথা যতক্ষণ না অপহৃতরা উদ্ধার হবে ততক্ষণ নৌ যান ধর্মঘট অব্যাহত থাকার ঘোষণা দেন।
/আরএ/এসএম/