বাংলা ট্রিবিউন বৈঠকি

‘মহামারীর সময় গর্ভধারণ নয়’

প্রফেসর সামিনা চৌধুরীকোভিড-১৯ মহামারী পরিস্থিতির সময় গর্ভধারণে নিরুৎসাহিত করেছেন গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি প্রফেসর সামিনা চৌধুরী। শনিবার (৩ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনের ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা: কোভিড-১৯ এ মাতৃস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা’ শীর্ষক বৈঠকি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হয় বৈঠকি অনুষ্ঠান।

এসময় প্রফেসর সামিনা চৌধুরী বলেন, ‘আমরা যখন দেখলাম উহানে করোনার সংক্রমণ শুরু হয়েছে তখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটি জরুরি মিটিং ডাকি। মিটিংয়ে পরিকল্পনা ঠিক করলাম যে এই সময়ে কিভাবে কাজ করবো এবং কিভাবে দেশের মায়েদের পাশে দাঁড়াবো। প্রথমে ঠিক করলাম যে টেলিমেডিসিনের মাধ্যমে সবাইকে সেবা দিবো। এতে আমাদের সদস্যরা বেশ সারা দেয় এবং অনলাইনে তাদের নম্বর দিয়ে দেওয়া হয়। এরপর কিছু প্রস্তাবনা তৈরি করে লিফলেট আকারে বিতরণ করলাম। সেটার প্রথম কথাই ছিল এই সময়ে গর্ভধারণ করবেন না। এই জিনিসটিকে তখন গুরুত্ব দিয়েছি। আমরা নিজেরাই মিটিংয়ে সিদ্ধান্ত নিলাম যে পরিস্থিতি অনুযায়ী কিভাবে রেসপন্স করবো।’

তিনি করোনা পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের চিকিৎসার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘সেসময় দেখলাম যে সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা পাওয়া খুব কঠিন। তখন সবার মনোযোগ ছিল করোনা থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায়। যেকোনও ক্রাইসিসের সময় দেখা যায় যে গর্ভধারনের মাত্রাও বেড়ে যায়। আমরা তাদের ওই সময় গর্ভধারণে বিরত থেকে সতর্ক ও সচেতন করার চেষ্টা করি।’

বৈঠকিতে আরও অংশ নেন ফিগো পিপি আই ইউ ডি ইনিসিয়েটিভ’র অ্যাডভাইজর ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকোলজি অ্যান্ড অবসটেটরিক্স (ফিগো’র) সাবেক প্রেসিডেন্ট প্রফেসর স্যার সাবারাতনাম আরুলকুমারান, ওজিএসবি মহাসচিব প্রফেসর সালেহা বেগম চৌধুরী, ওজিএসবি ফিগো পিপিআাইইউডি প্রজেক্টের ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর পারভীন ফাতিমা, ওজিএসবি ফিগো পিপিআাইইউডি প্রজেক্টের ডেপুটি ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর ফারহানা দেওয়ান, পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেসের পরিচালক ড. মোহাম্মদ শরীফ, ইউএনএফপিএ’র এস আর এইচ আর প্রোগ্রাম স্পেশালিস্ট ডা. এ এস এম হাসান, কোভিড-১৯ জনস্বাস্থ্য কমিটির সদস্য ডা. আবু জামিল ফয়সাল।