সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থী, বাম ছাত্র সংগঠন, লেখক, বুদ্ধিজীবী দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে আসে। তাদের দাবি কেবল নোয়াখালীর ঘটনা নয়, একের পর এক ঘটে চল ধর্ষণ ঠেকাতে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নিরাপদ একটি দেশ দিতে হবে। মঙ্গলবার শাহবাগ, কলাবাগান, উত্তরা এলাকায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন করেন। শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত নিয়ে রাজধানীর শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে শুরু হওয়া কালো পতাকা মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় মিছিলকারী ও পুলিশের মধ্য ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ৫ জন আহতের খবর পাওয়া যায়। বৃষ্টিকে উপেক্ষা করে দিনভর রাস্তায় আন্দোলনের ফলে বেশ কয়েক জায়গায় যানবাহন ধীরে চলতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, তারা সবাই যার যার তাগিদের জায়গা থেকে পথে নেমেছেন। তারা এর প্রতিকার চান।