ওয়াসা এমডি’র নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করা রিটের শুনানি পেছালো

হাইকোর্টঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করা রিটের শুনানি এ সপ্তাহে নয় বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৭ অক্টোবর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওয়াবদার সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ এ রিট দায়ের করেন।

রিটে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব,ঢাকা ওয়াসার এমডিসহ চার জনকে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দিলে ষষ্ঠবারের মতো এই পদে বসতে যাচ্ছেন তিনি।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার পঞ্চমবারের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে এক নোটিশে  বিশেষ বোর্ড সভার আয়োজন করা হয়। সভার একমাত্র আলোচ্য বিষয় ছিল তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন ওয়াসার বোর্ড সদস্য ও সরকারদলীয় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সভায় তাকসিম এ খানসহ এক ঘণ্টার জুম মিটিংয়ে ৯ জন অংশ নেন।