বিআরটিএ’র অভিযানে ৬৮ মামলা

বিআরটিএ

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে ঢাকার নবীনগর, নিউমার্কেট, উত্তরা, মুগদা, তেজগাঁও এবং চট্টগ্রাম মহানগরীর চকবাজার, ফিরিঙ্গি বাজার ও ওয়াসা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে  ৬৮টি মামলায় এক লাখ ২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় ও ৬টি যানবাহনের কাগজপত্র জব্দ করা হয়। বিআরটিএ’র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফেরদৌস ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে পরিচালিত আদালত নগরীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে পরিচালিত আদালত তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ৬টি মোটরযানের কাগজপত্র জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১টি মামলায় ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের আদালত চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের নেতৃতে একটি ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৪টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।