শাহবাগ-টিএসসিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই: পুলিশ

টিএসসি এলাকায় পুলিশদেশের বিভিন্ন জেলায় ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শহবাগে টানা ছয় দিন ধরে বিক্ষোভ-সমাবেশ করছে বামপন্থী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এদিকে ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন করছেন এক শিক্ষার্থী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এই অবস্থায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবে না পুলিশ।

সেখানে দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, শান্তিপূর্ণভাবে যেকোনও সংগঠন বিক্ষোভ বা মানববন্ধন করতে পারবে। তবে আন্দোলন যদি জনগণের জানমালের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় সেটা প্রতিহত করা হবে। তাছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়া হবে না।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার, বিক্ষোভ বা সমাবেশের মাধ্যমে জনগণের জান-মালের ক্ষতি, ভোগান্তি না হলে সে ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে নিষেধ নেই।’

ডিএমপির রমনা বিভাগের ডিবি কর্মকর্তা বলেন, ‘সাদা পোশাকে আমাদের সদস্যরা সেখানে অবস্থান করছেন। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা তৎপর রয়েছেন।’

এদিকে শনিবার (১০ অক্টোবর) সরেজমিনে শাহবাগ-টিএসসি এলাকায় সকাল থেকেই পুলিশের তৎপরতা চোখে পড়ে। পোষাকধারী নারী ও পুরুষ সদস্যরা সেখানে অবস্থান করছেন। সাধারণ মানুষ জট বাধলে তাদের সরিয়ে দিচ্ছেন তারা।

দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ভয়ানক উদ্বেগে ফেলেছে নাগরিকদের। ক্ষুব্ধ-বিহ্বল মানুষ প্রতিবাদে নেমেছে রাজপথে। নারী-শিশু নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করাসহ সব ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হচ্ছে।