নিরাপত্তার স্বার্থে কক্সবাজার সমুদ্র সৈকতে সন্ধ্যার পর কোনও অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ৩১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেন, বিপুল সংখ্যক পর্যটক সমাগমের কারণে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। যা ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে। একই সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সৈকতে রয়েছে নানা আয়োজনও। কিন্তু নিরাপত্তার কারণে সৈকতের সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে কক্সবাজারের যেকোনও উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পর্যটন বোর্ডের যুগ্ম সচিব নিখিল রঞ্জন দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক এএফএম আলাউদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আহমদ হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ প্রমুখ।
/এআর/টিএন/আপ-এইচকে/