গয়েশ্বরের সামনে একাই দাঁড়াবেন শাওন মাহমুদ

গয়েশ্বরের সামনে একাই দাঁড়াবেন শাওন মাহমুদশহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। মানববন্ধন কিংবা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ না করে তিনি সরাসরি গয়েশ্বর চন্দ্রের মুখোমুখি দাঁড়াতে চান।

গতকাল শনিবার দুপুরে শাওন মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস লেখেন, 'এই লোকটাকে কোথায় পাওয়া যাবে কেউ জানাবেন দয়া করে। ঠিকানা বা সেল নম্বর যে কোনও একটা পেলেই চলবে আমার।’গয়েশ্বরের সামনে একাই দাঁড়াবেন শাওন মাহমুদ_
তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। অনেক মানুষ শেয়ারও করেন। একজন তার স্ট্যাটাসের নিচে মন্তব্য লেখেন, ফিলিং সো ম্যাড রাইট নাও। উত্তরে শাওন লিখেন, 'আগে মারবো, তারপর কথা।'
আরেকজন মন্তব্য করেন, তিনি (গয়েশ্বর) অসুস্থ এবং নিয়ন্ত্রণের বাইরে। উত্তরে শাওন লেখেন, 'তা জানি না, মারবো।’
এই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর শাওন মাহমুদ আরেকটি স্ট্যাটাস দেন। তাতে লেখা, 'গয়েশ্বরের ঠিকানা চাই। কেউ এ ব্যাপারে সাহায্য করলে বাধিত থাকবো। ওর সাথে সামনাসামনি কথা হবে। মানববন্ধন আর প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের নিকুচি করি। কেউ না গেলে আমি একা যাব।’
স্ট্যাটাসটির নিচে একজন মন্তব্য করেন, আমিও যাব। উত্তরে শাওন লেখেন, 'আমার সাথে গেলে ওকে মারতে হবে।’
এ প্রসঙ্গে শাওন মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘গয়েশ্বর চন্দ্র রায়ের এই বক্তব্যের পর ২৪ ঘণ্টা পার হয়েছে। আমি যতদূর শুনেছি, উনি তার বক্তব্যে এখনও অনড় আছেন। তিনি বক্তব্য প্রত্যাহার করেননি, অবমাননাকর এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেননি।  আমিও আমার দেওয়া স্ট্যাটাসে অনড় আছি। আমি উনার ঠিকানা জোগাড় করার চেষ্টা করছি। নিজে উনার বাসার সামনে গিয়ে দাঁড়াবো। উনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই, সামনাসামনি এই বক্তব্যের প্রতিবাদ জানাতে চাই। কেউ যদি আমার সাথে আসে তো ভালো, নইলে আমি একাই যাব, একাই লড়বো।’

তার কাছে জানতে চাওয়া হয়, আপনি কমেন্টে 'মারবেন’ কথাটি লিখেছেন। এর উত্তরে তিনি বলেন, 'আমরা সভ্য মানুষ। আমরা তো কাউকে মারতে পারি না, আইন নিজের হাতে তুলেও নিতে পারি না। ওটা ক্ষণিকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল।’

তিনি আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে শহীদদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্যের জোরালো প্রতিবাদ হওয়া দরকার। আমি সেই প্রতিবাদই করতে চাইছি। জোরালোভাবে এবং মুখোমুখি দাঁড়িয়ে, এটাই আমার ইচ্ছা। আমি এটা করবোই।’

 

/এইআর/এফএ/আপ-এনএস/