জয়পুরহাট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

নির্বাচন কমিশন সচিবালয়ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জয়পুরহাট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত জেলা প্রশাসক (নেজারত) অতীন্দ্র নাথকে নতুন রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। রবিবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।
জানা গেছে, রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন ক্ষমতার অপব্যবহার করে নিয়মবর্হিভূতভাবে একজন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ওই প্রার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদে থেকে পৌরসভা নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আইন অনুসারে কোনও নির্বাচিত প্রতিনিধি স্বপদে থেকে পৌরসভা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এক্ষেত্রে নির্বাচন করতে হলে তাকে আগে পদত্যাগ করে আসতে হবে।
এর আগে একই অভিযোগে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

/ইএইচএস/ এএইচ /