জনস্বাস্থ্যের সেই পরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ

আইন নোটিশ

কর্মকর্তা-কর্মচারীদের পোশাক নির্ধারণ করে নোটিশ দেওয়ার ঘটনায় আদালতের আদেশ অমান্য করার অভিযোগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (১ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এ নোটিশ পাঠান।

সম্প্রতি মুসলিম কর্মকর্তা-কর্মচারী পুরুষদের টাখনুর ওপর পোশাক পরা এবং নারীদের হিজাব পরতে নোটিশ দিয়েছিলেন ইনস্টিটিউটের পরিচালক।

আইনি নোটিশে বলা হয়েছে, ‘২০১০ সালে হাইকোর্টের এক আদেশে বলা হয়েছে, কোনও ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। হাইকোর্টের এ আদেশ অমান্য করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম আপনি ওই প্রতিষ্ঠানের মুসলিম কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পুরুষদের টাখনুর ওপর পোশাক পরা এবং নারীদের হিজাব পরার নোটিশ দিয়ে আদালত অবমাননা করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ।’

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: 

জনস্বাস্থ্যের বিজ্ঞপ্তি কোন বিধি বলে জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নারীর হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরার বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে!