আমাদের মাঝ থেকে একেকটি মণি-মুক্তা হারিয়ে যাচ্ছে: প্রধান বিচারপতি

৬৬

সুপ্রিম কোর্টের সদ্য প্রয়াত আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সম্পর্কে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমাদের মাঝ থেকে একেকটি মণি-মুক্তা হারিয়ে যাচ্ছে। এ শূন্যতা পূরণ হচ্ছে কিনা, সে বিষয়ে আমি সন্দিহান।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ব্যারিস্টার রফিক উল হক স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আইনের প্রত্যেক শাখায় ব্যারিস্টার রফিক উল হকের বিচরণ ছিল। রফিক উল হক আমার কোর্টে অনেক মামলা করেছেন। আমিও ব্যারিস্টার রফিক উল হকের বিপক্ষে (আইনজীবী হিসেবে) দাঁড়িয়ে মামলা করেছি। আপিল বিভাগে মামলা করেছি।’

তিনি বলেন, ‘আমরা যদি প্রয়াত ব্যারিস্টার রফিক উল হকসহ সব বিশিষ্ট আইনজীবীকে স্মরণ না করি, তাহলে আমরা নিজেদের ঐতিহ্য (আইন অঙ্গনের) রক্ষা করতে পারবো না। আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে। আমাদের (আইন অঙ্গনের) পরিচিতির জন্য জানতে হবে যে কী গৌরবময় সময় ছিল। আমাদের কী উঁচুমানের আইনজীবী ছিলেন। আমার মনে হয়, আমাদের মাঝ থেকে একেকটা মণি-মুক্তা হারিয়ে যাচ্ছে। এটা পূরণ হবে কিনা, সে বিষয়ে আমি সন্দিহান।’

ব্যারিস্টার রফিক উল হকের বিষয়ে প্রধান বিচারপতি আরও বলেন, ‘দোয়া মাহফিলে ব্যারিস্টার রফিক উল হকের জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। তার স্মরণে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে হবে, যেখানে আমরা সবাই তার জীবনের বিভিন্ন অনুকরণীয় দিক নিয়ে বিশদভাবে আলোচনা করবো।’

এই দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এমদাদুল হক আজাদ, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন প্রমুখ।