কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যকর্মীদের চাকরি রাজস্বকরণের দাবি

1বেতন বৃদ্ধি ও চাকরি রাজস্ব করণের দাবি জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কমিউনিটি বেইজড হেলথ কেয়ারে (সিবিএইসসি) কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) সংগঠন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন।
রবিবার ( ১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মো. মাসুদুর রহমান জিলাদার। তিনি বলেন, সিএইচসিপি হিসেবে শুরুতে ১৩ হাজার ৫০০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ দেওয়া হলেও বর্তমানে প্রায় ১৪ হাজার জন কর্মরত আছেন। যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের অধিক মুক্তিযোদ্ধা সন্তান। এদের মধ্যে ৬০ শতাংশ নারী স্বাস্থ্য কর্মী রয়েছেন।
মো. মাসুদুর রহমান জিলাদার জানান, ২০১১ সালে চাকরিতে যোগদানের পর থেকে আজ পর্যন্ত আমরা অত্যন্ত সততা, একাগ্রতা ও বিচক্ষণতার সঙ্গে কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের চাকরি রাজস্ব করা হয়নি। এমনকি ৯ বছর চাকরি করলেও কোনও ইনক্রিমেন্ট পাইনি। আমাদের কোনও ভবিষ্যৎ তহবিল নেই। এমনকি সিএসসিপি অসুস্থ হলে চিকিৎসার খরচ বাবদ কোনও সুযোগ সুবিধা পাচ্ছিনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএইচসিপি স্বাস্থ্যকর্মীদের কোন অর্জিত ছুটি নেই। প্রশিক্ষণের ব্যবস্থা নেই। নিয়মিত মাসিক বেতনও হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই কমিউনিটি ক্লিনিক তার জৌলুস হারাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. ফখরুল ইসলাম, মো. সুমন মাদবর, শেখ মহিবুল হাসান, মো. কাইয়ুম হোসেনসহ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের নেতারা।