সাংবাদিক গোলাম সারোয়ারের নিখোঁজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব মো. নূর খানের সই করা বিবৃতিতে বলা হয়, সাংবাদিক গোলাম সারোয়ারের নিখোঁজের ঘটনা নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ নিতে হবে।
চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিক গোলাম সারোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা থেকে উদ্ধার করেন স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়কুমিরা গরুর বাজার এলাকায় খালের পাড়ে তাকে পাওয়া যায়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তার নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তসাপেক্ষে চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানয় আসক।
উল্লেখ্য,গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক গোলাম সারোয়ার চট্টগ্রাম নগরের ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধারের পর মাঝে মাঝে গোলাম সারোয়ার আর্তনাদ করে বলছিলেন, ‘আমাকে মাইরেন না, আমি আর নিউজ করবো না।’
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। আসক আশঙ্কা করছে, এ ঘটনা সাংবাদিকেদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করবে, যা তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দেখা দিতে পারে।
আসক মনে করে, সাংবাদিকদের মধ্যে এ ভীতি কাটাতে সাংবাদিক গোলাম সারোয়ারের নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িতদের দ্রুততার সঙ্গে নিরপেক্ষ তদন্তসাপেক্ষে চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে সাংবাদিক গোলাম সারোয়ারের চিকিৎসাসহ তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানায় আসক।