অ্যাম্বুলেন্স হটলাইন ১৬২৬৩

জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সের দরকার হলেই ফোন দেওয়া যাবে ১৬২৬৩ নম্বরে। যে কেউ যাতে সহজে এ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে দ্রুত উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বেচ্ছায় এই সেবায় অংশ নেওয়ার আহ্বান জানানোর জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ১৬২৬৩ নম্বরে ফোন করে দেশের যেকোনও প্রান্ত থেকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়া যায়।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জনগণের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
এ ছাড়াও, মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী বছর থেকে প্রতি বছর সারাদেশে সপ্তাহব্যাপী ‘স্বাস্থ্য সেবা সপ্তাহ’ পালন করা হবে। দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সেবা প্রদান করা হবে।
দেশের ৩১টি সরকারি মেডিক্যাল কলেজে বিশেষজ্ঞ শিক্ষকের সংকট দূর করতে অবসর গ্রহণকারী অভিজ্ঞ শিক্ষকদেরকে চুক্তিভিত্তিক বা সম্মানি প্রদান ভিত্তিতে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করার বিষয়ে সভায় আলোচনা হয়।সভায়  ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণকাল দুই বছর নির্ধারণ করা, কমিউনিটি ক্লিনিক বা উপজেলা থেকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য রেফারেন পদ্ধতির প্রবর্তন, অ্যানেস্থেশিস্ট সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়েও আলোচনা হয় ।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসির চেয়ারম্যান, বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষগণসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেএ/এফএ/